উপজেলা প্রতিনিধি: গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করে চলছে প্রকাশ্য অনিয়ম। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে পানাগাড়ী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার একরামুল হক উপকারভোগীদের প্রাপ্য ৩০ কেজি চাল না দিয়ে প্রতিজনকে ২৯ কেজি চাল দিচ্ছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, ১৫ টাকা কেজি দরে প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও, একরামুল হক কম চাল বিতরণ করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ উপকারভোগীরা জানিয়েছেন, “সরকারি নির্ধারিত প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি, অথচ ডিলার কোনো কথা বলতে রাজি নয়।’”
কাজিপুর উপজেলা খাদ্য কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চাল কম দেওয়ার কোনো নিয়ম নেই। এটি সরকারি নির্দেশ অমান্য এবং শাস্তিযোগ্য অপরাধ।এমন স্পষ্ট অনিয়মে স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ— দরিদ্র মানুষের প্রাপ্য চাল আত্মসাৎ করে ডিলার ব্যক্তিগত লাভবান হচ্ছেন। তারা জোর দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে একরামুল হকের ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
জনসাধারণের মনে করছেন, প্রশাসন যদি অবিলম্বে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে অন্যান্য ডিলাররাও একইভাবে অনিয়মে উৎসাহিত হবে এবং সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।কাজিপুর উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমরা এই অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করব। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

