ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ০৭

২০০১ থেকে ২০০৬ মেয়াদের রেখে যাওয়া শিক্ষাব্যবস্থাকে বিগত সরকার পেছনের দিকে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন । এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। ২০২৭ সালে নতুন কারিকুলাম আসছে এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে।’

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনায় কোনো অসাধুতা থাকবে না, শিক্ষার মানোন্নয়ন হবে এবং আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়া হবে। মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ উল্লেখ করে তিনি বলেন, এখন জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে জানতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধান অসম্ভব নয়। বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়ের সব সংকট দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, উপাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সংকট সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি বৈদ্যুতিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন-৩ ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট বরাদ্দ দেওয়া হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।