ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রভাষক লাঞ্ছনার অভিযোগে মানববন্ধন


জুন ২৩, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হানের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের প্রভাষক দ্বীন ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ জুন) দুপুরে কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান।বক্তারা অভিযোগ করে বলেন, গত রোববার বেতন ও বোনাস সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক জহির রায়হান লাঠি দিয়ে প্রভাষক দ্বীন ইসলামকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

তারা আরও অভিযোগ করেন, জহির রায়হান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। অতিরিক্ত ফি আদায়, সার্টিফিকেট বাণিজ্য, এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাবসহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি প্রধান শিক্ষকের পদ দখল করেছেন, যা পুরো প্রতিষ্ঠানের পরিবেশকে নষ্ট করছে।মানববন্ধনে বক্তারা তিন দিনের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আবুল হাসিম, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম এবং পুমদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ভূঁইয়া শ্যামল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।