জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২০: ৩০
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ জেলা শহর তাদের দখলে ছিল। বিক্ষোভের সময় অনেকের কাছে রামদা, কাতরা, ফুলকুচির মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও লগি-বৈঠা দেখা গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে দেয়। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ, এফএনএফ সুপার শপের গ্লাস, বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের ব্যক্তিগত অফিসে ভাঙচুর চালায় এবং ছাত্রদল নেতা রানা মোল্লার অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।
এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে ফেলা হয়। পরে সেখানে মুক্তিযোদ্ধা চত্বরের ব্যানার লাগানো হয়।
শহরজুড়ে পর্যাপ্ত পুলিশ, এপিবিএন ও আনসার মোতায়েন ছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দেখা গেছে। তাদের সামনে দিয়েই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ ও মিছিল করেছে।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ পার্ক ও বিসিক এলাকায় জড়ো হয়। পরে সারা শহরজুড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও বিক্ষোভ করে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলের সময় তারা তিনজন বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর এক যুবদল নেতার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অন্যত্র বদলি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

