ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের মূল হোতা মামুন গ্রেপ্তার।

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান,
নভেম্বর ১৫, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান:  পঞ্চগড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে টার্গেট করে হানিট্রাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা মো. আহসান হাবীব ওরফে মামুনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন পঞ্চগড় পৌরসভার পশ্চিম মিঠাপুকুর এলাকার মো. কছিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়।
মামলা ও পুলিশ সূত্রে আরও জানা যায়, মামুন পঞ্চগড় সদর থানার একটি মামলার (এফআইআর নম্বর: ৫১, তারিখ: ২২ আগস্ট ২০২৬) তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তে ও ১৬৪ ধারার জবানবন্দিতে ফাহিম ইসলাম (সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পঞ্চগড় পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক), জুবায়ের ও অন্তরের নাম স্পষ্টভাবে উঠে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, মামুন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে হানিট্রাপের ফাঁদে ফেলতেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন এবং এই টাকায় বিলাসবহুল জীবনযাপন করতেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আহসান হাবীব ওরফে মামুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।