ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

dailyvorerkhabor
নভেম্বর ১৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৯: ২৭

দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ভোলা নর্থ-৩ কূপটিতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে আশা করা হচ্ছে, এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার সকালে বাপেক্স প্রতিনিধিদের তত্ত্বাবধানে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। এটির অবস্থান ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। পরীক্ষা শেষে কূপটির গ্যাস উৎপাদনক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাপেক্সের উৎপাদন শাখার মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আহসানুল আমিন বাসসকে জানান, আজ সকালে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ডিএসটি শুরু হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। ডিএসটির আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লো লাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।

তিনি বলেন, গতকাল শনিবার কূপটির পারফোরেশন সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিএসটি শেষে গ্যাসের প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে চূড়ান্ত ফলাফল জানানো হবে।

বাপেক্স সূত্র জানায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জে ১৯৯৫ সালে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে ওই গ্যাসক্ষেত্রের নামকরণ করা হয় শাহবাজপুর। এরপর পর্যায়ক্রমে বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় আরও গ্যাসের সন্ধান মেলে। এ পর্যন্ত জেলায় তিনটি গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খনন করা হয়েছে। এগুলো হলো—শাহবাজপুর-৩, শাহবাজপুর-৪, শাহবাজপুর ইস্ট-১, ভোলা নর্থ-১, টগবি-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, শাহবাজপুর-১ ও শাহবাজপুর-২।

সর্বশেষ সন্ধান পাওয়া ভোলা নর্থ-৩ কূপটি এ জেলার দশম কূপ।

বাপেক্সের তথ্যমতে, ভোলার নয়টি কূপে মোট গ্যাসের মজুত প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

এদিকে, নতুন কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনায় ভোলার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা জেলার গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা এবং স্থানীয়ভাবে এই গ্যাসের ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।