প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ৩৯
বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শুধু মুখে ঐক্যের কথা বললে চলবে না।
মঙ্গলবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী।
তিনি বলেন, জামায়াত সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও করবে, ইনশাআল্লাহ। জনগণ দলটির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা থেকেই তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে জামায়াত।
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করছে। বিভিন্ন জায়গায় বাস, গাড়ি, এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলা হচ্ছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।
সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। এই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। তার মতে, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।
ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

