টাঙ্গাইলের সখিপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুভর্তি ১২টি ট্রাক জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকগুলোর মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে উপজেলার দাড়িয়াপুর আবাদি বাজারের পশ্চিম পাশে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ট্রাকগুলোতে বোঝাই করা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে বালু কালিহাতীর গান্ধীনা এলাকায় নেওয়ার পথে বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামের গাঙ্গপাড় এলাকায় স্থানীয় লোকজন ট্রাকগুলো আটক করেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সখিপুর থানা-পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি ১২টি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।ট্রাকচালকদের দাবি, কালিহাতীর গান্ধীনা এলাকার রাসেল নামের এক ব্যক্তি তাঁদের ট্রাকগুলো ভাড়া করেছিলেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকগুলোর মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

