এস এম রাকিবুল ইসলাম: ক্ষমতা ও পদমর্যাদা মানুষকে পরিচিতি দেয়, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও আদর্শিক নেতৃত্বই একজন মানুষকে বিশ্বপরিসরে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করে। সমকালীন মুসলিম বিশ্বের তেমনই এক বিশিষ্ট ব্যক্তিত্ব আল-আজহার আল-শরিফের গ্র্যান্ড ইমাম, শায়খুল আজহার অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব। ২০২৬ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে তিনি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন।
১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিসরের লুক্সর প্রদেশের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আল-আজহারের ঐতিহ্যবাহী শিক্ষাধারায় বেড়ে ওঠা আহমদ আত-তাইয়্যিব আকিদা ও দর্শনে উচ্চশিক্ষা ও পিএইচডি অর্জন করেন। ২০০২ সালে মিসরের গ্র্যান্ড মুফতি, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ২০১০ সাল থেকে আল-আজহারের গ্র্যান্ড ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামের মধ্যপন্থা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় উগ্রতার বিরোধিতা এবং আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ২০১৯ সালে পোপ ফ্রান্সিসের সঙ্গে মানব ভ্রাতৃত্বের ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন তিনি। পাশাপাশি মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের চেয়ারম্যান হিসেবে বিশ্বব্যাপী শান্তি, সংলাপ ও সহাবস্থান প্রতিষ্ঠায় কাজ করছেন। ফিলিস্তিনি জনগণের অধিকার ও গাজার মানবিক সংকট নিয়েও বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন তিনি। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তাঁর ষষ্ঠ অবস্থান শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং বিশ্বদরবারে আল-আজহারের ঐতিহ্যবাহী জ্ঞানচর্চা ও ইসলামি নেতৃত্বেরও এক গুরুত্বপূর্ণ প্রতিফলন।

