ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ০৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য তাকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জনের স্বীকৃতি প্রধানমন্ত্রীর জন্মদিনে উৎসর্গ করেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদে আলহাজ আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপাচার্য এসব সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গৌরবোজ্জ্বল অর্জন তাকে উৎসর্গ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।

উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত। প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবির চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি তাদের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার অনন্য রাষ্ট্রীয় অর্জন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য উৎসর্গ করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।

আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরে উপাচার্য জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম অবস্থানে রয়েছে গাকৃবি। পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৭’-এ দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় হয়েছে প্রতিষ্ঠানটি। গবেষণায় উৎকর্ষের জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের অর্জন উৎসর্গ করার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

উপাচার্য আরো বলেন, দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু অংশ নেয়।

পরে মাদরাসার প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।