ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ভোটার তালিকায় নাম না থাকলেই ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক বিবেচনা করা অনুচিত: সিএআইআর

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ৪৮

ভারতে ভোটার তালিকা সংশোধন এবং কথিত অবৈধ বহিষ্কার কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে—যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) এমন সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছে দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সিএআইআর জানায়, ভারতের সরকারের বিরুদ্ধে কমিশনের এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে।

সিএআইআর জানায়, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বিদেশি নাগরিক হিসেবে অভিযুক্ত করা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সিএআইআরের বিবৃতিতে বলা হয়, ‘ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের কর্মকাণ্ডের ওপর দৃষ্টি দেওয়ায় আমরা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনকে স্বাগত জানাই। ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয়দের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া মোদি সরকারের এমন একটি অভিযানের সর্বশেষ উদাহরণ, যার মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা কিংবা নিজেদের আবাসভূমি থেকে বিতাড়নের পথ তৈরি করা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, শুধু ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সিএআইআর বলেছে, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার মৌলিক মানবাধিকার। ভারতের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিএআইআর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন। নাগরিক অধিকার রক্ষা, ইসলাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের মুসলিমদের ক্ষমতায়নে কাজ করে সংস্থাটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।