ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৩: ১৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এ জালিয়াতির ঘটনা সামনে আসে।

গত রোববার দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন।

গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই সুনেউং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

জালিয়াতির ঘটনা স্বীকারের পর পরীক্ষায় অসদুপায় ঠেকাতে তড়িঘড়ি করে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।

তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’

তিনি আরও লিখেছেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে, সোমবার পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্ন করা হয় ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রীকে।

জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

তার এ মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।