ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উদ্বোধন হলো ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেনের

পাবনা জেলা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা জেলা প্রতিনিধি :   দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হলো পাবনাবাসীর। বহুল প্রত্যাশিত এই উদ্যোগে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা-২ (সুজানগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এবং পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্বোধনী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
২০ নভেম্বর থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। এর মধ্যে পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
নতুন এই ট্রেন চালুর ফলে পাবনার মানুষের রাজধানীতে যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও উন্নত চিকিৎসার জন্য ঢাকাগামী রোগীদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এত দিন ঢাকা যাতায়াতে সড়কপথের যানজট ও নানা ভোগান্তি পোহাতে হতো। সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় এখন তুলনামূলক স্বস্তিতে রাজধানীতে যাতায়াত করা সম্ভব হবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর।
সংবাদকর্মী খলিলুর রহমান বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হওয়া জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ট্রেন যোগাযোগ চালু হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগীদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ট্রেন চালু হওয়ায় পাবনাবাসী আনন্দিত। তবে ভবিষ্যতে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আরও আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে জেলার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, সরাসরি ট্রেন চালু হওয়ায় বিশেষ করে নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
পাবনা-২ (সুজানগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালু জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। এ উদ্যোগে পাবনার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এর ফলে জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, জোড়াতালি দিয়ে অনেক আগেই ট্রেন চালু করা সম্ভব ছিল। কিন্তু পাবনাবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তাঁরাও আনন্দিত।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় পাবনাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই রেল যোগাযোগের মাধ্যমে রাজধানীর সঙ্গে পাবনার যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।