ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ।

টাঙ্গাইল প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নুরী তাসমিন উর্মি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাদিকুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষমি সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সুলতানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগের এ উদ্যোগে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।