কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার চিকিৎসকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শহরের উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সমাবেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বিপুল সংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও এনডিএফ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, ডা. আব্দুস সামাদ, ডা. হাবিবুর রহমান, ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীব ও ডা. মো. হাসান পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন ডা. আতিক সিকান্দার। আরও বক্তব্য দেন ডা. মুজাহিদুল ইসলাম, ডা. দিদার মাহমুদ, ডা. সাঈদা জান্নাত সারা এবং ডা. জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. আলভী আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী বলেন, “কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে ডাক্তারদের সমস্যা ও প্রস্তাবনা স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “চিকিৎসকদের জীবনে কেবল পেশাগত সাফল্য নয়, পরকালীন সফলতাও জরুরি। এজন্য অহংকারমুক্ত থেকে হালাল উপার্জন, উন্নত চরিত্র গঠন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।”

