ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ


আগস্ট ১৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুরে ভাঙা সেতুর পাশে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলার যমুনার চরে চরগিরিশ ইউনিয়নের চরনাটিপাড়ায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পাকা সেতুর একপাশ ধসে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে চলতি মৌসুমে বন্যার পানি বৃদ্ধি পেলে স্থানীয়দের যাতায়াতে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

স্থানীয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন *পূর্ববাংলা ছাত্র কল্যাণ পরিষদ* নিজেদের সংগৃহীত অর্থ দিয়ে কাঠ, বাঁশ, পেরেক ও অন্যান্য সামগ্রী কিনে ধসে যাওয়া স্থানে সাঁকো নির্মাণ সম্পন্ন করে।জানা গেছে, কয়েক বছর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে চরগিরিশ থেকে মনসুরনগর হয়ে জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত যাওয়ার মূল রাস্তায় সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের মাত্র দুই বছরের মাথায় বন্যার পানির তোড়ে সেতুর পিলার মাটিতে দেবে যায় এবং একপাশের মাটি ধসে পড়ে। ফলে প্রতিদিনের যাতায়াতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী, হাটের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
পূর্ববাংলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য এল ডব্লিউ রাসেল বলেন, “আমরা বন্যার সময়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে সাঁকোটি নির্মাণ করেছি। স্থানীয় বিএনপির নেতা আয়নাল হক ও জামায়াত নেতা সাইদুর রহমান আমাদের অনুপ্রেরণা দিয়েছেন।”শিক্ষার্থী নিরব শেখ জানান, বাঁশ, কাঠ, পেরেক ও সিমেন্টের খুঁটি ব্যবহার করে গত মঙ্গলবার সাঁকো নির্মাণের কাজ শেষ হয়।সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে, ঐক্যবদ্ধভাবে চাইলে অনেক বড় কাজ করা সম্ভব।

এলাকার মানুষের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই।”নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক জানান, শিক্ষার্থীদের উদ্যোগের কথা শুনে তিনি কিছু সহযোগিতা করেছেন।কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের সাঁকো নির্মাণের বিষয়টি জেনেছি। সরকারিভাবে সেতুটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।