ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: সাইফুল হক

dailyvorerkhabor
নভেম্বর ১৯, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১: ২২

রাজনীতিতে পুনরায় ফিরতে হলে আওয়ামী লীগকে সন্ত্রাসের পথ পরিহার করে অতীত অপরাধের দায় স্বীকার এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষিবাজার সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে, ক্ষমতার বাইরে গিয়েও সেই পথ থেকে সরে আসেনি। সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়। রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে হলে প্রথমে অতীত অপরাধের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় সারের তীব্র সংকট চলছে। ডিলারশিপে অনিয়ম, টেন্ডারবাজি ও দলীয়করণের কারণে কৃষক ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। এক হাজার টাকার সার কোথাও এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কৃষক উৎপাদন উপকরণ কিনতে গিয়ে বেশি দাম দিচ্ছেন, আবার উৎপাদিত পণ্য বিক্রি করেও ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষিবাজার সংস্কারের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকের স্বার্থ নিশ্চিত করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।