ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

স-মিলে মাদকের আসর: স্থানীয়দের অভিযানে আটক কয়েকজন


এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   মঙ্গলকান্দি ইউনিয়নের সীমানা ও পালগিরি দারোগার হাট বাজার সংলগ্ন একটি স-মিলকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মিলটির ভেতরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও কেনাবেচার একটি স্থায়ী কেন্দ্র গড়ে উঠেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্থানীয়রা অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে হাতেনাতে আটক করেন। এ সময় কথিত ইয়াবা সরবরাহকারী সাকিব, রমজান আলীর ছেলে জিসান এবং তরকারি ব্যবসায়ী রফিকের ছেলে আসিফসহ আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, জিসান, সাকিব ও আসিফ পূর্বে একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল এবং এলাকাটিকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার পেছনে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মিল মালিক আলাউদ্দিনসহ এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।