কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে মিঠামইন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন বাজারে বিশেষ অভিযান চালায় পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সাব্বির। তাঁর সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানটি মিঠামইন সদর ইউনিয়নের মিঠামইন বাজারের পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

