কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের নেহাল পার্কে আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শুরুতেই জেলা উলামা দলের সভাপতি মো. রফিকুল ইসলাম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। মিলন মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে জেলা জাসাস পরিচালনা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, সভাপতি ইফতেকার আহমেদ বাবুল এবং সদস্য সচিব জহিরুল ইসলাম হিমেল গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অসঙ্গতি দূর করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে। সমাজের অবক্ষয় রোধে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা জাসাসের আহ্বায়ক আকরাম হোসেন কাজল, প্রতিষ্ঠাতা আহ্বায়ক আকতাররুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার ছিদ্দিক মিলন ও আরিফুল ইসলাম রতন। কটিয়াদি জাসাসের সভাপতি আব্দুর রউফ (খোকন), সিনিয়র সহ-সভাপতি মুশাররফ হোসেন খোকা এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জীবনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মিলনমেলায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. খসরুজামান জিএস শরিফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, পাকুন্দিয়া উপজেলা জাসাসের সদস্য সচিব আনিসুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন জালাল অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।মিলন মেলাকে ঘিরে ছিল নানা আয়োজন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

