মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘কিশোর গ্যাং’-এর ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। গ্রেফতারকৃতরা আশুলিয়ার জামগড়া ও মধ্যগাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানোহয়, গ্রেফতারকৃত ৩ নম্বর আসামী দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল।ডিবি উত্তর-এর ওসি জনাব সাইদুল ইসলাম জানান, গত ১৪ এপ্রিল আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৬৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) প্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

