ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ


ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   অবশেষে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানসহ আরও কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের ছুটিতে যাচ্ছে স্কুলগুলো। বিভিন্ন মহলের আলোচনা ও মতামত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু জানায়নি।বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়ে নতুন শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ছুটি টানা ৩৬ দিন চলবে। এরমধ্যে হিন্দু ধর্মালম্বীদের একটি পূজা, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহান স্বাধীনতার দিবসের ছুটি রয়েছে।

এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। একজন আইনজীবী হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গেলে হাইকোর্টে আদেশ স্থগিত করে দেন। ফলে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের বাধা নেই। কিন্তু নানা পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই নিল।শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছে, রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, ইবাদত-বন্দেগি এবং পারিবারিক পরিবেশে সময় দেওয়ার সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে গরম আবহাওয়া ও শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নির্ধারিত ছুটির পর যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে আকস্মিক ছুটির ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ পাঠ্যসূচি শেষ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।পাঠ্যসূচির ঘাটতি পূরণে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।