ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মাদারীপুর সদর থানার ওসির মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার দাবি

মোঃ মাহমুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহমুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ তুলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওসির মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও আর্থিক লেনদেনসহ সকল অভিযোগের তদন্তের দাবি জানান তারা।

মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসি আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মামলা বাণিজ্যের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করছেন। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা বজায় রেখে তাদের প্রশ্রয় দিচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি করেন বক্তারা।
তারা আরও অভিযোগ করেন, নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন তারা।

মানববন্ধনে বক্তারা ওসি আবুল কালাম আজাদকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার দাবি জানান। তাদের মতে, মোবাইল ফোনের কললিস্ট, যোগাযোগের তথ্য ও সংশ্লিষ্ট ডিজিটাল আলামত পরীক্ষা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে।

মানববন্ধনে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস মাতুব্বর, বিএনপি নেতা সাইদ, জেলা কর্মজীবী দলের সদস্য সচিব সুজন হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অবিলম্বে ওসি আবুল কালাম আজাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, এবং আর্থিক লেনদেনসহ উত্থাপিত সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তসহ মাদারীপুর সদর থানা থেকে তাকে প্রত্যাহারের দাবি জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।