জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ০১
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী বাবু মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাবু মণ্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুজ্জোহা শাহানশাহ জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নুরুল হুদার মেয়ে হাজেরা খাতুনের সঙ্গে ২০০৯ সালে তাঁর চাচাতো ভাই বাবু মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে ২০১১ সালের ৮ নভেম্বর হাজেরা খাতুনকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করেন বাবু মণ্ডল। এ ঘটনায় নিহতের পিতা নুরুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালত বাবু মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

