ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর উপহারে নতুন ঘর পেলেন,নেত্রকোনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দা।

Link Copied!

​‘নিজের সামর্থ্যে একটি ঘর বানাব, সে সাধ্য কখনোই ছিল না। দিন আনি দিন খাই—অনেক কষ্টে দিন কেটেছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিলেন। এতে যে কতটা খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করার মতো নয়।’
​প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ষাটোর্ধ্ব নারী সুধিনী মান্দা।

​সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় সুধিনী মান্দার হাতে নতুন ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
​ঘর হস্তান্তরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গারো ও হাজংসহ এই জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই এখনো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন; অনেকেরই নেই নিজস্ব মাথা গোঁজার ঠাঁই। প্রকৃত গৃহহীনদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
​তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া বিশেষ প্রকল্পের আওতায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। এই মানবিক উদ্যোগের জন্য এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
​এ সময় পাহাড়ি জনপদে নিরাপদ পানির সংকট নিরসনে নেওয়া আরেকটি উদ্যোগের কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি জানান, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি এই পাঁচ ইউনিয়নে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
​স্থানীয় বাসিন্দারা বলেন, স্থায়ী আবাসন ও নিরাপদ সুপেয় পানির মতো মৌলিক চাহিদা পূরণে নেওয়া এসব উদ্যোগ দুর্গাপুর ও কলমাকান্দার সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।