ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের নতুন দফা শুল্ক তালিকায় থাকছে ভারত

dailyvorerkhabor
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯: ৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন দফার শুল্ক আরোপের তালিকায় ভারতসহ বিশ্বের কয়েক ডজন দেশ থাকতে পারে। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শুল্কের আওতায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতির দেশগুলো আসতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জামিসন গ্রিয়ারের নেতৃত্বে কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবারই নতুন শুল্ক ঘোষণা করা হতে পারে।

গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশের সরকারি ভর্তুকি ও নীতিগত সহায়তার কারণে অতিরিক্ত শিল্প উৎপাদন হচ্ছে। এতে কম দামে পণ্য বিশ্ববাজারে প্রবেশ করায় মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নতুন শুল্ক অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর কার্যকর হতে পারে। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে আগে থেকেই শুল্কের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে।

শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ২০২৫ সালে আরোপিত শুল্কের কাছাকাছি হার নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন। গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছিল ইউএসটিআর। নতুন শুল্কের সঙ্গে ওই শুল্কও যুক্ত হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।