প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮: ২০
গোলের সুযোগ তৈরি করেছে একের পর এক, প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে ৩০টি। কিন্তু এত আক্রমণের পরও জয়ের দেখা পেল না আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিকেল আরতেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই দারুণ এক দূরপাল্লার শটে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিওকেরেস। শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। বিরতির আগে মার্টিন ওডেগার্ডের পাস থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন গিওকেরেস।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডর্টমুন্ড। ৫৫ মিনিটে জোয়ানে গাদুর দুর্দান্ত দৌড়ের পর পাওয়া বল থেকে নিচু শটে গোল করেন ম্যাক্সিমিলিয়ান বেয়ার। তাতে সমতায় ফেরে জার্মান ক্লাবটি।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। গিওকেরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়, জুরিয়েন টিম্বারের কাটব্যাক পোস্টে লাগে। ৮৪ মিনিটে ডেকলান রাইসের নিচু শটও ফিরে আসে পোস্টে। শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি গানাররা।
ম্যাচে ৩০টি শট নিয়েছিল আর্সেনাল, যার মাত্র চারটি ছিল লক্ষ্যে। চ্যাম্পিয়নস লিগে ২০০৩-০৪ মৌসুম থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রতিযোগিতাটিতে এক ম্যাচে এটাই তাদের সর্বোচ্চ শট নেওয়ার ঘটনা। ড্রয়ের পর লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমেছে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

