বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭-নভেম্বর) সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ডাঃ মোঃ আব্দুল হাই, টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হবে। সবাইকে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি ও মাটি দূষণ রোধে সচেতন হতে হবে। নির্বিচারে বৃক্ষ নিধন করা যাবে না। পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ করা যাবে না। যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। এই গাছ যেমন পরিবেশ রক্ষা করে, যেমনি এর ফল পুষ্টি চাহিদা পূরণ করে, আবার এই গাছ বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের মাঠে দুটি নারিকেল গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের বিপর্যয় রোধে এ ধরনের ধারাবাহিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

