ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ধুলায় ঢাকা মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

শহিদুল্লাহ কায়সার (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাগবাড়ী মোড় হতে চাপড়ী বাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজে ঠিকাদারের গাফিলতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। ধীরগতিতে কাজ চলায় পুরো সড়ক এখন ধুলার রাজ্যে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ইট, ও খোয়া সাথে মিশানো রাবিশ শুকিয়ে ধুলায় পরিনত হয়েছে। একটু বাতাস বইলেই কিংবা কোনো যানবাহন চললেই ধুলায় চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। পথচারীদের মুখ-চোখ ধুলায় ভরে যাচ্ছে। সড়কের আশপাশের ঘরবাড়ি, স্কুল ও মাদ্রাসা ধুলাবালিতে ঢেকে যাচ্ছে।রাস্তার পাশেই অবস্থিত মাদ্রাসাতুল আকফালের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।মাদ্রাসাটির পরিচালক মিজানুর রহমান বলেন, “রাস্তার ধুলাবালির কারণে শিক্ষার্থীদের পোশাক দ্রুত ময়লা হয়ে যায়। খাবার ঢেকে রাখলেও ধুলা পড়ে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। রুমের ভেতরেও ধুলাবালির কারণে থাকা যায় না।

জানালা-দরজা বন্ধ রাখলেও ধুলা ঢুকে যায়। এই ধুলাবালিতে শিক্ষার্থীরা ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।”তিনি দ্রুত সড়কের কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধুলাবালি থেকে রক্ষার দাবি জানান।দড়িহাতীল গ্রামের অটো চালক মো. নজরুল ইসলাম বলেন, “রাস্তার ধুলাবালির কারণে গাড়ি চালানোই কঠিন হয়ে গেছে। চোখে ধুলা ঢুকে দুর্ঘটনার ভয় থাকে। যাত্রীরা ধুলার কারণে অটোতে উঠতে চায় না। প্রতিদিন গাড়ি পরিষ্কার করেও কুল পাচ্ছি না। আয়-রোজগার অর্ধেক কমে গেছে।”এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরু হলেও ঠিকাদার নিয়মিত শ্রমিক দিচ্ছেন না। কোনো দিন কাজ হয়, আবার কয়েকদিন বন্ধ থাকে। সড়কে পানি ছিটানোরও কোনো ব্যবস্থা নেই। এতে দুর্ভোগ দিন দিন বাড়ছে।এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করে ধুলাবালি থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।