ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

dailyvorerkhabor
নভেম্বর ১৯, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ০৬

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষে কোনো আইনজীবীর আবেদন ছিল না। এ ছাড়া এই মামলায় রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটির তদন্ত চলমান। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন আসামি যোগসাজশে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাতাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলি লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন মো. আশরাফ সিদ্দিকী।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।