স্টাফ রিপোর্টার: ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া নুর আলম মাসুদ (৪৫) চার দিন পর মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হলে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, “মাসুদ ছিলেন অত্যন্ত বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ। দুর্ঘটনার আগের রাতেও তিনি নজরুল প্রাথমিক যুব সমাজের আয়োজিত মাহফিলের প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জানা গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

