স্টাফ রিপোর্টার: রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে। পাশাপাশি ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত।
তারেক রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, এখন সময় দেশ গঠনের। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ থাকা বহু কল-কারখানা চালু করা হবে বলেও জানান তিনি।
এ সময় খাল খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনকল্যাণমূলক কর্মসূচিতে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের লুণ্ঠিত সম্পদ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই কঠোর জবাব দেওয়া হবে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করবে বলেও তিনি আশ্বাস দেন।

