কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ৪ মাস ২৪ দিন (১৪৭ দিন) পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্স খোলা হয়।দিনভর টাকা গণনা শেষে এ অর্থের পরিমাণ জানা যায়। এবার ১০টি স্থায়ী সিন্ধুক ও ৫টি অস্থায়ী টাংক থেকে এসব টাকা পাওয়া গেছে।এর আগে গত ২৭ জুন দানবাক্স খোলা হলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।দানবাক্স খোলা ও টাকা গণনা কার্যক্রমে মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের স্টাফ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। নিরাপত্তায় দায়িত্ব পালন করেন পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব সদস্যরা।উল্লেখ্য, পাগলা মসজিদের দানের অর্থ মসজিদের উন্নয়ন, মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের ব্যয়ভার, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং দরিদ্র রোগীদের চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে এ পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।

