গাইবান্ধায় হেরোইনের মামলায় মো. তৌহিদ আরমান সিমান্ত (৩৩) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত এবং বিশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।আজ (১৮ নভেম্বর) বুধবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো.রেজাউল করিম সরকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী তৌহিদ আরমান সিমান্ত আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা পৌরসভার গোডাউন রোডের পশ্চিমপাড়ার মো. রোমান আরফিন সুমনের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাইবান্ধা সদর থানার এসআই মো. সাইবুদ্দিন সরকার ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাদক কেনাবেচা চলছে।
এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করলে পালানোর সময় মো. শহিদুল ইসলাম শান্তর মাইক্রো গ্যারেজের ভেতর থেকে অভিযুক্ত তৌহিদ আরমান সিমান্তকে ৪৩গ্রাম হেরোইনসহ আটক করা হয়।যার আনুমানিক বাজারমূল্য এক লাখ তেতাল্লিশ হাজার টাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও বিচার শেষে আদালত এই রায় প্রদান করেন।পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। এই মামলার রায়ে তিনি সন্তুষ্ট। তিনি আরও বলেন, দেশব্যাপী মাদকের করাল গ্রাসে যুবসমাজ যাতে মাদকাসক্ত হয়ে বিপদগামী না হয়। এই রায় তার দৃষ্টান্ত হয়ে থাকবে। আসামী পক্ষের আইজীবী ছিলেন এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু।

