প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ৫৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,২২৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৬ শিশুর। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৩১৪ শিশু। এ ছাড়া সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩২৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,২১৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৪২৫ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ৬২৮ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৮০ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৬ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

