ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

বেতন-ভাতা কম, তবু স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে হিল ভিডিপি সদস্যরা

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। নিজেদের শ্রম ও সময় ব্যয় করে স্থানীয়দের সহযোগিতায় দীঘিনালা-লংগদু মহাসড়কের একটি ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছেন তাঁরা।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় এ মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় পানির প্রবল স্রোতে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দীঘিনালা-লংগদু মহাসড়কের বাঁচা মেরুং এলাকার একটি অংশে ভাঙন দেখা দেয়। এতে যানবাহন চলাচল ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়। গুরুত্বপূর্ণ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের প্রয়োজন দেখা দিলে হিল ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করার উদ্যোগ নেন।

দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে মেরামতকাজে অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত অংশটি আপাতত চলাচলের উপযোগী করা হয়।

এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, সড়কটির ওই অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন যাতায়াতে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের ভোগান্তি ছিল বেশি। স্বেচ্ছাশ্রমে মেরামতের ফলে আপাতত সেই দুর্ভোগ কিছুটা কমেছে।

মেরামত কার্যক্রমে অংশ নেন এপিসি মো. খোরশেদ আলম, হাবিলদার হেলাল মিয়া, হাবিলদার জাহাঙ্গীর, নায়েক আবদুল বারেক, ল্যান্স নায়েক আবদুস ছামাদ, সদস্য মো. আবু হানিফ, সপন মিয়া, তারা মিয়া, আবদুল কাদের, সাহাব উদ্দিন, খলিলুর রহমান, সিরাজুল ইসলাম ও হারুন মিয়া।

দুর্গম পাহাড়ি এলাকায় বন্যার পর যোগাযোগব্যবস্থা সচল করতে হিল ভিডিপি সদস্যদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কাজের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। তবে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।