ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

dailyvorerkhabor
নভেম্বর ১৫, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৬: ২৪

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০-৩৫০ জনের খাবারের আয়োজন করা হয়েছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। অনুষ্ঠানে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশনের পর ওই দিন বিকেলে বরপক্ষের আমন্ত্রিত অতিথিদের খাবার খাওয়ানো হয়। বিয়ের খাবার খাওয়ার পরপরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থদের চিকিৎসার জন্য নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কিরণ, আকাশ, রুবেল, তুষারসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। তাদের মধ্যে জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফখরুল ইসলাম কিরণ (৫০)।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, শুক্রবার তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের লোকজন খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পেটব্যথা ও বমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের রাতেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভাগলপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরো অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে ১৫ জনের অধিক নতুন রোগী ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম কিরণ মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি বা মামলা হয়নি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ডা. ইফতিয়ার আহমেদ নাবিলকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজিতপুর-নিকলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল শনিবার রাত ৯টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জানান, বিয়েবাড়িতে দুপুরের খাবার খেয়ে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।