ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সুনামগঞ্জে চলতি নদীর প্লাস্টিক বর্জ্য সরাল বন্ধুসভা


অক্টোবর ১৯, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জাহাঙ্গীরনগর ইউনিয়নে মেঘালয় সীমান্ত ঘেঁষে অবস্থিত ডলুরা এলাকা। ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড় থেকে নেমে আসা জালুখালি বা চলতি নদী বাংলাদেশ-ভারতের একটি অন্যতম আন্তসীমান্ত নদী। গারো আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকায় বছরজুড়েই পর্যটকদের আনাগোনা থাকে। তবে পর্যটকদের অসচেতনতা এবং পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিনজাত বর্জ্যের কারণে নদী ও আশপাশের পরিবেশ অনেকটাই বিপদাপন্ন।

প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বমণ্ডিত ডলুরা এলাকার চলতি নদীকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর এই অভিযান পরিচালনা করেন বন্ধুরা।

পরিবেশ বিপর্যয় রুখতে এবং নদী সুরক্ষায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরিতে বন্ধুসভার তরুণ স্বেচ্ছাসেবীরা নদীর পাড় ও চরে পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য কুড়িয়ে পরিষ্কার করেন। তাঁরা লাইফ জ্যাকেট পরে নদীর তীর ও বালুচর থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য সংগ্রহ করে বস্তাবন্দী করেন এবং তা ডাঙায় নিয়ে কেরোসিনসহযোগে আগুনের সাহায্যে পুড়িয়ে ফেলেন।

এ বিষয়ে বন্ধুসভার উপদেষ্টা রাজু আহমেদ জানান, নদী ও প্রকৃতিকে বাঁচাতে এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকদের নদীতে বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়গুলোর আলোকপাত করেন এবং নদী থেকে জ্বালানি সংগ্রহকারী স্থানীয় মানুষদের এই নদী সুরক্ষা ও নদীতে বসবাসকারী জীবকুলের নিরাপত্তা বিষয়ে সচেতন করেন।

কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বন্ধুসভার বর্তমান কমিটির সব সদস্য, উপদেষ্টা ও স্থানীয় পরিবেশকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।