কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার জামায়াত এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, দলের কুমিল্লা মহানগর শাখা কার্যালয়ে ১৪ অক্টোবর সংঘটিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেওয়াসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগর সংগঠন পরিচালিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এই কমিটি এক সপ্তাহের মধ্যে জামায়াত আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
কমিটি গঠনকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পরদিন বৃহস্পতিবার এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

