পাবনার আটঘরিয়ার পর্যটনসমৃদ্ধ সুতার বিলের সড়কের দুই পাশে পাটকাঠির স্তূপ ও ভ্রাম্যমাণ দোকান বসিয়ে রাখায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দর্শনার্থীদের ভিড় বাড়লে সৃষ্টি হচ্ছে যানজট ও তীব্র ভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রোগী বহনকারী যানবাহন, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন দ্রুত চলাচল করতে না পারায় বাড়ছে উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, সুতার বিল একটি দর্শনীয় এলাকা হওয়ায় ছুটির দিনগুলোতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এখানে আসেন। কিন্তু সড়কের দুই পাশে পাটকাঠি স্তূপ করে রাখা এবং রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে যায়। ফলে স্বাভাবিক যান ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে, ১১ সেপ্টেম্বর ২০২৬: সুতার বিলের সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে পাটকাঠি স্তূপ করে রাখা এবং রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান বসানো দেখা যায়। এতে পথচারী ও যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীর চাপ বাড়লে দুর্ভোগ আরও বেড়ে যায়। অসুস্থ রোগী বহনকারী যানবাহনসহ জরুরি যান চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে দীর্ঘ সময় পাটকাঠি রেখে দেওয়ায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এর সঙ্গে দোকানপাট বসায় সংকট আরও বাড়ছে। কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে সংকীর্ণ সড়কের কারণে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হতে পারে।
পথচারীরা বলেন, পর্যটন এলাকা হিসেবে সুতার বিলের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই দর্শনার্থী ও স্থানীয় মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের জায়গা দখল করে পাটকাঠি রাখা এবং দোকান বসানো বন্ধ করা জরুরি।
স্থানীয়দের দাবি, সড়কের দুই পাশে রাখা পাটকাঠি দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি সড়কের ওপর বা একেবারে পাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ভুক্তভোগী পথচারীরা সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে জনস্বার্থে সড়কের জায়গা দখল করে পাটকাঠি রাখা ও দোকানপাট বসানোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

