উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০: ৪৫
জয়পুরহাটের আক্কেলপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবু হাসনাত হিমেল রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ নভেম্বরের নাশকতার পরিকল্পনার মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

