নিজস্ব প্রতিনিধি: ‘তোমারে পায়ে ধরি আমার দেবাশীষরে এনি দাও। সব তো নিয়ে নিলে ঠাকুর, ওরে আমার বুক খালি করে চলে গেল রে। আমি কী করে থাকবো বাবা। কত কষ্ট করে তোকে মানুষ করে আজ কী হলো রে বাবা আমার। আমার দেখার আর কেউ থাকলো না রে বাবা’- এমন ভাবেই প্রলাপ করছিলেন কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মা সপ্না দত্ত।
এ সময় স্বপ্ন দত্ত প্রলাপ করে বলতে থাকেন ‘আমি তো চলে যাবো আমার পাখিরে কে দেখবে বাবা’।
সাংবাদিক দেবাশীষ দত্তের বাসায় এখন শোকের মাতম। বাড়ির প্রতিটি কোনায় দেবাশীষ ও তার স্ত্রী এবং শিশু সন্তান শর্ণশীষ দত্তের ব্যবহৃত জিনিস ধরে বিলাপ করছে তার স্বজনরা।
বাড়ির একটি কক্ষে বাবা-মার ফেরার অপেক্ষায় সাংবাদিক দেবাশীষ দম্পতির ৮ বছর বয়সী কন্যা সন্তান পাখি। এখনো সে বুঝে উঠতে পারেনি কী হারিয়েছে সে। বাবা-মা যে আর কখনো ফিরবে না, ছোট ভাই শর্ণশীষের খেলায় মেতে উঠতে পারবে না সেই সেই অনুভূতি এখনো স্পর্শ করেনি নার্সারি পড়ুয়া এই অবুঝ শিশুকে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে দেবাশীষের বাবা দিলিপ দত্ত কালবেলাকে জানান, আগস্টের ৩ তারিখে আমার ছেলে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতা থেকে ৪ আগস্ট ছেলে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে আমার ছেলে বেঙ্গালুরু পৌঁছায় সেখানে বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে ১৮ আগস্ট ছেলের শশুর আকরাম আলী ও পরিবারসহ মঙ্গলবার কলকাতায় ফেরেন দেবাশীষ। পরে তারা কলকাতার ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। ১৯ আগস্ট বুধবার তার বাংলাদেশে ফেরার কথা ছিল। আজই তার এই অবস্থা। আজকেই তার দেশে ফেরার কথা ছিল আর আজকেই তার মৃত্যুর সংবাদ পেলাম আমরা।
তিনি বলেন, দিনের শুরুতে আমরা বিষয়টি জানতাম না। পরে এক সাংবাদিক এসে আমার কাছে জানতে চায় কাকা কিছু জানেন নাকি। সে বারবার ফোন দেখছিল। আমাকে কিছু বলতে চাচ্ছিল না। পরে আমি জোর করলে। সে আমাকে দেবাশীষের ছবি দেখায়। তারপরে আমরা বিষয়টি জানতে পারি।
তিনি আরও বলেন, দেশে ফিরে দুই দিন আগে স্ট্রোক করা মাকে নিয়ে গিয়ে রাজশাহীতে ডাক্তার দেখানোর কথা। ওই আমাদের পরিবারের উপার্জনের একমাত্র মানুষ। আমরা এখন কীভাবে চলবো।
বুধবার (১৮ আগস্ট) রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।
বুধবার (১৯ আগস্ট) সকালে এ খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে তিনি এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
দেবাশীষের বাল্যবন্ধু ও সহপাঠী এজে সুজন বলেন, আমরা একসঙ্গে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি। ওর হাতে আমার সাংবাদিকতার হাতেখড়ি হয়েছিল। তার মতো একজন পরোপকারী মানুষ পাওয়া দায়। ওর মত একজন নিষ্ঠাবান সাংবাদিকের স্থান পূরণ করা অসম্ভব। ঘটনা শোনার পর থেকে ভাষা হারিয়ে ফেলেছি। ওর পরিবারকে দেখার মত আর কেউ নেই। দেবাশীষ তার পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি।
দেবাশীষের মৃত্যুর বিষয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু জানান, দেবাশীষ একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। জেলায় সাংবাদিক অঙ্গনে অনেক গ্রুপিং থাকলেও সর্বমহলে তা সমান গ্রহণযোগ্যতা ছিল। কর্মজীবনে একাধিক জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে আসছে সুনামের সাথে। পাশাপাশি সে একটি স্থানীয় দৈনিকের সম্পাদনায় কাজ করছেন। তারে অকাল প্রয়াণে জেলার সাংবাদিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হলো যা পূরণ হবার নয়। এমতাবস্থায় দেবাশীষসহ ঘটনায় নিহতদের মরদেহ দেশে আনতে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। এবং কীভাবে এই পরিবারের পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়েছে বলে শুনেছি। কিন্তু এর মধ্যে কুষ্টিয়ার কেউ আছে সেটা আমার জানা ছিল না। তবে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি। মরদেহ দেশে এলে যা করনীয় আমরা করবো বলে জানান তিনি।

