মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভারের আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার কোতয়ালী থানার বামনীকাঠী এলাকার মোঃ রুবেল হাওলাদার (৩২) এবং আশুলিয়ার কাঠগড়া এলাকার মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। রুবেল বর্তমানে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ও একটি চৌকস দল গত ২৬ এপ্রিল রাতে নরসিংহপুর এলাকায় অভিযান চালায়। রাত ১১টা ২৫ মিনিটের দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

