ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার চিন্তা

dailyvorerkhabor
নভেম্বর ২৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন এ তথ্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেন।

মাহাদী আমীন জানান, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন এবং মায়ের চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না হয়, তা নিশ্চিত করার জন্য প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান।

মাহাদী আমীন উল্লেখ করেন, হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর জানার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন, তবে ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি বলেন, দূর থেকেই মানুষ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যারা চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসার মাধ্যমে তার উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করেছিলেন। পাশাপাশি, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে।

মাহাদী আমীন আশা প্রকাশ করে বলেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।