ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

পৃথিবীর নতুন অস্থায়ী সঙ্গী ‘মিনি মুন’

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৪২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৪৩

পৃথিবীর আকাশে এখন ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি পৃথিবীর স্থায়ী উপগ্রহ নয়, বরং ছোট আকারের একটি গ্রহাণু। গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে এটি। প্রায় ২ মিটার (৬ ফুট) ব্যাসের এই ক্ষুদ্র গ্রহাণুটি আগামী ডিসেম্বরের শুরুর দিকে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সাময়িক এই উপগ্রহকে বলা হচ্ছে ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ। গ্রহাণুটি এত ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা তার ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে বস্তুটির নাম দিয়েছে ‘২০২৬ কিউকিউ৮’। সংস্থাটি সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু ও অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে।

‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক নাম নয়। এর আগে পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরে বেড়ানো কয়েকটি প্রাকৃতিক বস্তুর ক্ষেত্রেও এ শব্দ ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি বস্তু প্রায় এক বছর এবং অন্যটি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক উপগ্রহ থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে এমন একটি বস্তু থাকতে পারে। এগুলো কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো একাধিক বস্তু দেখা যায়।

এ ধরনের বস্তুর তালিকা তুলনামূলক ছোট হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অধিকাংশ গ্রহাণুই আকারে খুব ছোট। অনেক সময় এগুলো পৃথিবী থেকে কিছুটা দূরে থাকে এবং দ্রুত গতিতে চলাচল করে। ফলে বর্তমান পর্যবেক্ষণ প্রযুক্তিতে এগুলো শনাক্ত করা কঠিন।

তবে ২০২৬ কিউকিউ৮ নিয়ে পৃথিবীর জন্য কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। আর কোনোভাবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও আকার ছোট হওয়ায় বায়ুমণ্ডলেই পুড়ে ভেঙে যাবে। পেইনের ভাষায়, এতে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কাপাত দেখা যাবে এবং সামান্য বিস্ফোরণের মতো শব্দ হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।