ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ খবর

কানাডার ১৯ শিক্ষার্থীর প্রথম বাংলাদেশ সফর


অক্টোবর ২০, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

বইয়ের পাতায় পড়া একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সরাসরি জানার সুযোগ পেলে সেই অভিজ্ঞতা হয়ে উঠতে পারে অন্য রকম। কানাডার এডমন্টনের ১৯ শিক্ষার্থীর জন্য তেমনই একটি সুযোগ তৈরি হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে শিক্ষাসফরে আসছে কানাডার আলবার্টা প্রদেশের এই শিক্ষার্থীদের দল।

আগামী ৬ নভেম্বর ২০২৬ শুরু হতে যাওয়া এই সফরে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা ও সমাজ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে তারা।

আয়োজকদের মতে, এ উদ্যোগ কেবল একটি শিক্ষাসফর নয়, বরং দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক পরিচিতি এবং অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ। ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সমাজ ও শিক্ষাব্যবস্থাকে কাছ থেকে জানার অভিজ্ঞতা তাদের দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করতে পারে।

গত বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই শিক্ষাসফরের বিভিন্ন দিক তুলে ধরেন কানাডার ম্যাকইউয়ান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক শহীদুল ইসলাম।

ম্যাকইউয়ান ইউনিভার্সিটি ও বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এ সফরের আয়োজন করছে। সফরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা, থাকা ও খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানিয়েছেন আয়োজকেরা।

শিক্ষা ও সংস্কৃতির পরিচিতি বাড়ানোর পাশাপাশি এ ধরনের উদ্যোগ কানাডা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার সম্ভাবনাও তৈরি করে। দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ সফর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।