চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন নবাব সিরাজদৌল্লা রোডে অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশা থেকে ৩ হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার ও একজনকে আটক করেছে র্যাব।
রোববার (১৩ সেপ্টেম্বর) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম মো. সেলিম (৩৮)। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দুর্গাপুর এলাকায়। সে ওই সিএনজিচালিত অটোরিকশার চালক।
র্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদককারবারীদের মাধ্যমে কিছু মাদকদ্রব্য সিএনজিচালিত অটোরিক্সায় নগরীর আন্দরকিল্লা হতে নবাব সিরাজদোল্লা রোড হয়ে বহদ্দারহাট যাচ্ছে। সে কারণে র্যাব ওই রোডের প্যারেড কর্ণার মাঠের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এক পর্যায়ে যাত্রীবিহীন একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি করার সময় সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল রঙের ব্যাগ পাওয়া যায়। এর ভেতরে স্কচ টেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয় এবং আটক করা হয়। অটোরিকশা চালককেও আটক করা হয়।
র্যাবের এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮০ হাজার টাকা। আটক অটোরিকশা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্শ্ববর্তী চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

