নিজস্ব প্রতিনিধ: নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশের নদ-নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত পরিবেশবান্ধব কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।’
গত ১৫ দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ নিয়ে চার-পাঁচটি বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বৈঠকে ইটভাটা, সেতু, পানিদূষণসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালুসহ যে নদীগুলো দূষিত হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে।’
সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া উদ্যোগ তুলে ধরে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি সেন্টমার্টিনে গিয়ে সেখানকার জীববৈচিত্র্য ও পরিবেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছি। ভবিষ্যতে দ্বীপটির পরিবেশ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামীতে সেন্টমার্টিনে কোনো জাহাজে করে প্লাস্টিক বর্জ্য যাবে না। বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রশংসা করে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির প্রাকৃতিক সৌন্দর্য এখনো সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি অনন্য উদাহরণ। শীত মৌসুমে অতিথি পাখির আগমনসহ ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশকে তিনি চমৎকার বলে উল্লেখ করেন।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসকে যদি আপনারা পলিথিনমুক্ত করতে পারেন, তাহলে তা অন্যদের জন্য অনুকরণীয় হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সবুজায়ন রক্ষায় সরকারের আরও নজর দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরে কোন বৃক্ষ দরকার এবং কোথায় দরকার এ বিষয়ে পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশের সেরা সবুজে ঘেরা, গর্ব করার মতো একটি বিশ্ববিদ্যালয় ও ইকোসিস্টেম এখানে রয়েছে। সেখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে বিশমাইল পর্যন্ত সড়কের পাশে সুউচ্চ বৃক্ষ রোপণের প্রস্তাব তুলে ধরে উপাচার্য বলেন, ‘এসব গাছ একদিকে পরিবেশ দূষণ কমাবে ও অক্সিজেন সরবরাহ করবে, অন্যদিকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়াতেও ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর স্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, ‘আরিচা মহাসড়ক থেকে রাতের বেলায় নারী শিক্ষার্থীদের হলগুলো দৃশ্যমান হওয়ায় তারা এক ধরনের ঝুঁকি ও সংকোচের মধ্যে থাকেন।’
তিনি বলেন, ‘আমাদের এখানে কতগুলো নারী শিক্ষার্থীদের হল আছে। এগুলো সব বহুতল ভবন। আমি জানি না, কেন আগের প্রশাসন আমাদের এই উন্নয়নকে দৃশ্যমান করতে গিয়ে আমাদের নারী শিক্ষার্থীদের দৃশ্যমান করে ফেলেছেন। আমি ঘৃণা জানাই এই দুর্বল সিদ্ধান্তকে।’
উপাচার্য আরও বলেন, ‘আরিচা রোড দিয়ে যখন যাবেন, আমার বাচ্চাগুলো যে হলগুলোতে থাকে, রাতে যখন আলো জ্বলতে থাকে, তারা এক ধরনের ঝুঁকিতে থাকে। তারা সংকোচ বোধ করে। কীভাবে, কোন রুচিতে এখানে ভবনগুলো করা হয়েছে, আমি আজও খুঁজে পাইনি। এটার সমাধান তো একটা করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, UNIDO বাংলাদেশের জাতীয় প্রকল্প সমন্বয়কারী সত্য ভট্টাচার্য, UNIDO বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

