প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৭: ২১
আজ ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। এই ম্যাচ দিয়েই দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবলের খেলা। সবশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছিল আবাহনী ও বসুন্ধরা কিংস। এরপর সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে যায় স্টেডিয়াম। সংস্কার শেষে ২০২৫ সালের জুনে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে। তবে ঘরোয়া ফুটবলের অপেক্ষায় ছিল দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি। এবার সে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আজ বেলা ২টা ৩০ মিনিটে ফর্টিস-রহমতগঞ্জের ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলের চাঞ্চল্য ফিরছে জাতীয় স্টেডিয়ামে। একই দিন ‘এ’ গ্রুপের ম্যাচে মুন্সীগঞ্জে আবাহনী-ফকিরেরপুল এবং মানিকগঞ্জে চট্টগ্রাম সিটি-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ রয়েছে।
এই প্রথম জাতীয় স্টেডিয়ামে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছে ফর্টিস এফসি। তাই অভিষেক ম্যাচটি জয়ে রাঙিয়ে দিতে চায় দলটি। আগে ফর্টিস এফসির জার্সিতে খেলেছেন ফুটবলার উত্তম বড়ুয়া। বর্তমানে ফর্টিসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। উত্তম বড়ুয়া বলেন, ‘আমরা এএফসি কাপ খেলে এলাম। এরপর জাতীয় স্টেডিয়ামে শেষ সাফ হলো। সেখানে আমাদের ফুটবলার পেরেরা খেলেছে। নতুন মাঠ। আমাদের অনেক খেলোয়াড় আগেই সেখানে খেলেছে। এবার ফর্টিসের হয়ে খেলার জন্য সবাই উদগ্রীব। ভালো মাঠে ভালো খেলাটাই খেলতে চাইবে ফর্টিস। আশা করি আমরা সেরাটা দিয়ে খেলব এবং জিতব।’ অন্যদিকে অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে রহমতগঞ্জও।
দলটির প্রধান কোচ কামাল আহমেদ বাবু বলেন, ‘এ মাঠে সবাই মুখিয়ে থাকে। আমাদের দলে যারা আছে, তারা এ মাঠে প্রথম খেলবে। আমাদের দলটি তরুণ। ভালো খেলে পয়েন্ট নিয়ে আসার জন্যই মাঠে নামবে তারা। প্রতিপক্ষ কারা, কতটা শক্তিশালীÑএসব বিবেচনা না করে খেলবে দল।’ ফর্টিস ফেডারেশন কাপে একটি মাত্র ম্যাচ খেলে ড্র করেছে। অন্যদিকে ফেডারেশন কাপে দুই ম্যাচ খেলে একটিতে হার ও একটিতে ড্র করেছে রহমতগঞ্জ। আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় দল ভুগেছে। এবার দল পুরোপুরি প্রস্তুত। সর্বশক্তি দিয়েই ফর্টিসের বিপক্ষে জেতার জন্য রহমতগঞ্জ লড়বে বলে জানালেন কোচ কামাল বাবু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

