ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া মুফতি রুহুল আমীনের মুক্তি দাবি আল-হাইআতুল উলয়ার

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৬: ৫৭

গ্রেপ্তার ও রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। সোমবার সংগঠনটির কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।

আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির সদস্য ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুফতি রুহুল আমীন দীর্ঘদিন ধরে কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় কওমি অঙ্গনের আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দ্বীনি জনতার মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সভা থেকে সরকারের প্রতি তিনটি সুনির্দিষ্ট আহ্বান জানানো হয়েছে: ১. মুফতি রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ২. তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। ৩. দেশের আলেম-ওলামার মর্যাদা রক্ষা করতে হবে।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে তার সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।